ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করার লক্ষ্যে ‘এক দেশ, এক QR লেনদেন, বাংলা QR’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পৌর মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় ‘বাংলা QR’-এর সুবিধা ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে এর গুরুত্ব তুলে ধরা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান, কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, তাপস কুণ্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ব্যাংকের গ্রাহকরা।
আলোচনা সভায় শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, ‘বাংলা QR’ চালুর ফলে একটি মাত্র QR কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা সহজেই লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং আর্থিক লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই উল্লেখ করে তিনি সবাইকে পূবালী ব্যাংকে সহজে হিসাব খুলে বিনামূল্যে ‘বাংলা QR’ সেবা ব্যবহারের আহ্বান জানান।
মন্তব্য করুন