পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. হৃদয় ও আব্দুস সালাম। হৃদয় গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে। অপর ব্যক্তি আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গজালিয়া গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুইজনকে দেখতে পান। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির অভিযোগে দুইজনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন