পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ লিটার দেশীয় তৈরি চোরাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন (পূর্ব পানপট্টি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, পূর্ব পানপট্টি এলাকার মো. জয়নাল মীরের ছেলে মো. আল আমিন মীর (৫০) এবং তার ছেলে মো. রাব্বি মীর (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই মো. আঃ হাকিমের নেতৃত্বে এএসআই মো. রুবেল হাওলাদার, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. আঃ হাইসহ পুলিশের একটি দল আল আমিন মীরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের বারান্দা থেকে ১০ গ্রাম গাঁজাসহ রাব্বি মীরকে আটক করা হয়। পরে রাব্বি মীরের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পাশে পুকুরপাড়ের দক্ষিণ দিক থেকে ১৩৫ লিটার দেশীয় তৈরি চোরাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন মীরকেও আটক করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই চোলাই মদ তৈরি এবং তা খুচরা ও পাইকারি দরে এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।
গলাচিপা থানা পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় ২৮ সেপ্টেম্বর মামলা নম্বর ৬০ দায়ের করা হয়। আটক দুজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ আরো জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন