পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে বেকার না থেকে কাজ করার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে একই বংশের স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দা-এর আঘাত ও মারধরে চারজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তরে লালা খালের পাশে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রিপন মোল্লা, সুজন মোল্লা, আবদুল রহমান মোল্লা ও আবদুল রহিম মোল্লা। তাঁদের মধ্যে রিপন মোল্লা সামছুল হক মোল্লার ছেলে, সুজন মোল্লা দেলোয়ার মোল্লার ছেলে এবং আবদুল রহমান ও আবদুল রহিম মোল্লা আবদুল রব মোল্লার ছেলে। আহত চারজনই বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে রিপন মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর ফুফাতো ভাই সুজন মোল্লা এবং চাচাতো ভাই আবদুল রহিম ও আবদুল রহমান তাঁর বাড়িতে যান। এ সময় সুজন রিপনকে বেকার বসে না থেকে এবং দিনেদিনে নেশায় আসক্ত না হয়ে কোনো কাজ করার পরামর্শ দেন। এতে রিপন ক্ষুব্ধ হয়ে ঘর থেকে দা নিয়ে সুজনের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ।
একপর্যায়ে আবদুল রহিম ও আবদুল রহমান এগিয়ে এলে রিপনের দা-এর আঘাতে সুজন, রহিম ও রহমান আহত হন। পরে স্থানীয়রা ঘটনাটি দেখে রিপনকে মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মোল্লা মাঝে মধ্যে গাঁজা সেবন করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মন্তব্য করুন