পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. জাফর হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোটখালী এলাকায় কোটখালী সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাফর হাওলাদার কোটখালী এলাকার মো. মতলেব হাওলাদার ও মৃত অজুফা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাফর হাওলাদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার জাফর হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। ৩ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ০১। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান ওসি।
মন্তব্য করুন