পটুয়াখালীর ক শ্রেণির গলাচিপা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পৌরসভা কার্যালয়ের সামনে থেকে ১৩০ নম্বর ব্র্যাক আবাসন প্রকল্প পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে কংক্রিট উঠে গিয়ে লোহার রড বেরিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্যস্ততম এই সড়কটি এখন পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি পৌর এলাকার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা, চরপাড়া, পেয়ারা বাগান এবং ১৩০ ও ৪০ নম্বর ব্র্যাক আবাসন প্রকল্পের প্রায় দুই হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন অথচ পৌরসভা কার্যালয়ের সামনেই থাকা সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে।
বছরের পর বছর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে সিমেন্ট ও খোয়া উঠে গিয়ে লোহার রড বাইরে বেরিয়ে এসেছে। কোথাও কোথাও বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে এতে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো ঢেকে যাওয়ায় বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। অসাবধানতাবশত রডে আটকে কিংবা গর্তে পড়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রায়ই অথচ দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও দৃশ্যমান কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গলাচিপা পৌরসভা কার্যালয়ের ঠিক সামনের সড়কের বিভিন্ন স্থানে কংক্রিটের আস্তরণ উঠে গিয়ে লোহার রড বেরিয়ে আছে। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থানে যানবাহন চলাচলের সময় চালকদের হিমশিম খেতে হচ্ছে। অসাবধানতাবশত রডে আটকে কিংবা গর্তে পড়ে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি পৌরসভার প্রধান সড়কগুলোর টেকসই উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মন্তব্য করুন